স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা মোটেও ভালো কাটেনি পাকিস্তানের তারকা পেসার শহিদ আফ্রিদির। ১৯ ওভার বল করে ৬৭ রানের বিনিময়ে একটি মাত্র উইকেটের দেখা পেয়েছেন তিনি। ফাস্ট বোলারদের মধ্যে যা দিনের সবচেয়ে বাজে বোলিং ফিগার।
তবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন বাজে বোলিংয়ের মধ্যেও নতুন এক ইতিহাস গড়েছেন শাহিন শাহ আফ্রিদি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই ২৬ বছর বয়সী পেসার।
ম্যাচের শুরুতেই বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন শাহিন আফ্রিদি। ওই উইকেটই ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তার শততম শিকার। এর মাধ্যমে তিনি টুর্নামেন্টের ইতিহাসে ১৯তম বোলার হিসেবে ১০০ উইকেটের ক্লাবে জায়গা করে নেন।
ডব্লিউটিসিতে পাকিস্তানের হয়ে এখন সর্বোচ্চ উইকেটশিকারি শাহিন আফ্রিদি। তালিকায় তার পরেই আছেন নোমান আলী। যার উইকেট সংখ্যা ৯০ টি। এরপর ৬৩ উইকেট নিয়ে তালিকার তিনে রয়েছেন সাজিদ খান। যেখানে নাসিম শাহর অবস্থান চারে (৬০ উইকেট)।