শনিবার, ১৩ জুন, ২০২৬, ০৭:৪১:৩৯

পুরো গ্রুপপর্বের ম্যাচেও মাঠের বাইরে থাকতে পারেন নেইমার!

পুরো গ্রুপপর্বের ম্যাচেও মাঠের বাইরে থাকতে পারেন নেইমার!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিলকে খেলতে হবে সুপারস্টার নেইমার ছাড়াই। এমনকি পুরো গ্রুপপর্বের ম্যাচেও তিনি মাঠের বাইরে থাকতে পারেন বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি।

স্থানীয় সময় শনিবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার (১২ জুন) আনচেলোত্তি বলেন, ‘সে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে সে পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবে।’

গ্রুপপর্বে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ১৯ জুন হাইতির এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ক্যাফ ইনজুরির (পায়ের পেছনের পেশির চোট) প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি নেইমার। সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছিল, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের অবস্থার উন্নতি হচ্ছে।

মরক্কোর বিপক্ষে ম্যাচের আগের দিনও দলের অনুশীলনে দেখা যায়নি বিশ্বের ইতিহাসে সবচেয়ে দামি ট্রান্সফারের মালিক এই ফুটবলারকে। সান্তোসের এই স্ট্রাইকার চমক দেখিয়ে কোচ আনচেলোত্তির ঘোষিত দলে ফেরার ডাক পাওয়ার পরও পানামা ও মিসরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি।

ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নেওয়া আনচেলোত্তি বলেন, শুধু ফুটবলীয় সামর্থ্যের জন্য নয়, অভিজ্ঞতার কারণেও তিনি নেইমারকে দলে নিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দলে থাকা তরুণ খেলোয়াড়দের জন্য সে একটি ভালো উদাহরণ হতে পারে।’

দলীয় সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র নেইমারকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সে আমাকে অনুপ্রাণিত করে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি এবং তাকে আবার মাঠে দেখার অপেক্ষায় আছি।’

অন্যদিকে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াবি বলেছেন, নেইমার খেলুক বা না খেলুক—তাদের প্রস্তুতিতে কোনো পরিবর্তন নেই। তিনি বলেন, ‘নেইমারকে নিয়ে এবং নেইমারকে ছাড়া—দুই ধরনের ম্যাচের জন্যই আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের জন্য কিছুই বদলাচ্ছে না।’

তবে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি আক্ষেপ প্রকাশ করেছেন নেইমারের বিপক্ষে খেলতে না পারায়। পিএসজির এই ডিফেন্ডার বলেন, ‘আমি সবসময় সেরাদের বিপক্ষে খেলতে চাই। আর নেইমার অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে