বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬, ০২:১৭:৪০

তিন দুশ্চিন্তায় আর্জেন্টিনা ফুটবল দল

তিন দুশ্চিন্তায় আর্জেন্টিনা ফুটবল দল

স্পোর্টস ডেস্ক : নকআউট পর্বে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সূচিতে পরিবর্তন আনার পর স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) কানসাসে শেষ অনুশীলন সম্পন্ন করে বিকেলে মায়ামির উদ্দেশে রওনা হয়েছে লিওনেল স্ক্যালোনির বাহিনী। সেখানে বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোরে রাউন্ড অব ৩২–এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সময় অনুযায়ী, বুধবার দুপুর ১টায় দলের অনুশীলন অনুষ্ঠিত হয়, যা ছিল পুরোপুরি বন্ধ দরজার আড়ালে। কানসাস ছাড়ার আগে এটিই ছিল দলের শেষ অনুশীলন এবং সম্ভাব্য একাদশ চূড়ান্ত করার জন্য কোচ স্ক্যালোনির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ।

দলটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কানসাস সিটি থেকে মিয়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও ফ্লাইটে বিলম্ব হওয়ায় তারা নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি পরে যাত্রা করে।

এর ফলে আগের সূচিতে পরিবর্তন আনা হয়। শুরুতে ম্যাচের আগের দিন মিয়ামিতে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, কানসাসেই আরও একটি অনুশীলন করে তারপর ফ্লোরিডায় যাওয়া হবে। বিশ্বকাপ শুরুর পর থেকে যে প্রস্তুতি-রুটিন অনুসরণ করা হচ্ছে, সেটিই বজায় রাখতে চেয়েছে কোচিং স্টাফ। অর্থাৎ, ফুটবল অনুশীলন শেষ না হওয়া পর্যন্ত দল তাদের ঘাঁটি পরিবর্তন করেনি।

মিয়ামিতে পৌঁছে স্কালোনির অধীনে দলটি শেষ অনুশীলন করবে। এরপর মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই স্টেডিয়ামটি আর্জেন্টিনা শিবিরের জন্য বিশেষ স্মৃতিবিজড়িত।

একাদশ নিয়ে স্কালোনির তিন দুশ্চিন্তা

ম্যাচের সময় ঘনিয়ে এলেও এখনো প্রথম একাদশের তিনটি পজিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি স্ক্যালোনি। গতকালের (১ জুলাই) অনুশীলনে তিনি কোনো ইঙ্গিত দেননি। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত সময়ে সম্ভাব্য মূল একাদশ ও বদলি খেলোয়াড়দের মিলিয়ে ১৩টি বিব (জার্সি) বিতরণ করেন, যাতে কেউই সম্ভাব্য একাদশ সম্পর্কে ধারণা করতে না পারে।

যে তিনটি পজিশন নিয়ে এখনো প্রতিদ্বন্দ্বিতা চলছে—

লেফট-ব্যাকে: এই পজিশনে প্রথম একাদশে জায়গা পেতে নিকোলাস তালিয়াফিকো লড়ছেন ফাকুন্দো মেদিনার সঙ্গে। ইনজুরি থেকে সেরে ওটা তালিয়াফিকো এখন খেলার জন্য পুরোপুরি ফিট।

সেন্টার-ব্যাকে: ইনজুরি কাটিয়ে ক্রিস্টিয়ান রোমেরো ফিরতে পারবেন, নাকি নিকোলাস ওতামেন্ডিই একাদশে থাকবেন তা নিয়েও দ্বিধা আছে।

আক্রমণভাগে: দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের মধ্যে কাকে বেছে নেয়া হবে।

কোচিং স্টাফ যদি মনে করে রোমেরো পুরোপুরি ফিট, তাহলে টটেনহ্যামের এই ডিফেন্ডার আবারও মূল একাদশে ফিরবেন। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ওঠায় তালিয়াফিকোরও শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। আর মেসির সঙ্গী হিসেবে লাউতারো ও হুলিয়ান আলভারেজের লড়াইয়ে আপাতত কিছুটা এগিয়ে রয়েছেন লাউতারো মার্টিনেজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে