সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১৭:৪৪

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে যে দলকে এগিয়ে রাখল অপ্টা

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে যে দলকে এগিয়ে রাখল অপ্টা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ১০০ ম্যাচ শেষ, বাকি শুধু দুই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল। শেষ চারে জায়গা করে নেয়া আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সকে নিয়েই এখন শিরোপার লড়াই। টুর্নামেন্ট শুরুর আগে এই চার দলকে সেমিফাইনালে দেখার পূর্বাভাস দিয়েছিল অপ্টার সুপারকম্পিউটার। এবার একই মডেল জানিয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়নের নামও।

২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে অপ্টার হিসাবে সবচেয়ে এগিয়ে ফ্রান্স। দিদিয়ের দেশমের দলের শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনাও ৫৭.৭ শতাংশ। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দুর্দান্ত ফর্ম ফরাসিদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

তবে স্পেনকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। লুইস দে লা ফুয়েন্তের দল ২০২৪ সালের মার্চের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত। অপ্টার হিসাবে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ, আর শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.৪ শতাংশ।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই লড়াইয়ে দুই দলের সম্ভাবনা প্রায় সমান। অপ্টার সিমুলেশনে ইংল্যান্ড ৫০.৯ শতাংশ ক্ষেত্রে ফাইনালে উঠেছে, আর আর্জেন্টিনা ৪৯.১ শতাংশ ক্ষেত্রে। শিরোপা জয়ের সম্ভাবনায় ইংল্যান্ডের হার ২১.৯ শতাংশ, আর্জেন্টিনার ২০.৬ শতাংশ।

ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম টানা দুই নকআউট ম্যাচে জোড়া গোল করে ডিয়েগো ম্যারাডোনার পর প্রথম ফুটবলার হিসেবে অনন্য কীর্তি গড়েছেন। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের ম্যাচে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে শেষ চারে পৌঁছেছে।

পরিসংখ্যান ফ্রান্সকে এগিয়ে রাখলেও শেষ চারের লড়াইয়ে ব্যবধান এতটাই কম যে একটি মুহূর্ত, একটি গোল কিংবা একটি ভুলই বদলে দিতে পারে পুরো বিশ্বকাপের ভাগ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে