স্পোর্টস ডেস্ক : আগৈলঝাড়ায় খেলার সময় ফুটবলের আঘাতে গোলকিপার মো. আবু সাঈদ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।
মো. আবু সাঈদ উপজেলার আল জামিয়াতুন নাফিছিয়া আল-ইসলামিয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া (৯ম শ্রেণি) বিভাগের ছাত্র ছিল। সে পটুয়াখালীর রাঙ্গাবালী জাকির মৃধার ছেলে।
মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, আবু সাঈদ আমাদের মাদ্রাসায় পড়াশোনা করত ও পশ্চিম বাকাল গ্রামের একটি জামে মসজিদের ইমাম হিসাবে চাকরি করত। শুক্রবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি থাকার সুযোগে আবু সাঈদ উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে ফুটবল খেলার সময় একটি দলের গোলকিপার ছিল। খেলার সময় একটি বল ধরার সময় আঘাতপ্রাপ্ত হয়ে সে (গোলকিপার সাঈদ) অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক অন্য খেলোয়াড়রা গুরুতর অসুস্থ অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে সাঈদের মারা যায় বলে মাদ্রাসার মুহতামিম রফিকুল ইসলাম জানান।