শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ০৮:৫১:১৯

কঠিন কাজটাই করে ফেলল টাইগাররা, দুই কীর্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে যা ইতিহাসে কখনো হয়নি

কঠিন কাজটাই করে ফেলল টাইগাররা, দুই কীর্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে যা ইতিহাসে কখনো হয়নি

স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিনের শুরুতে যে লক্ষ্য ছিল বাংলাদেশের, সেটা হলো ২০০ রানের একটা লিড। সকালের আদ্রতায় ভরা উইকেটে কাজটা মোটেও সহজ ছিল না দলের, লোয়ার অর্ডারের ব্যাটারদের হিসাব মাথায় রাখলে কাজটা আরও কঠিনই ঠেকার কথা। তবে সে কঠিন কাজটাই আজ করেছে বাংলাদেশ। ২০০ রানের লিড নিয়ে ফেলেছে সফরকারীরা।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২০০ রানের লিড কতটা বিরল, তা ঠাহর করতে আপনাকে চোখ দিতে হবে রেকর্ডের পাতায়। বাংলাদেশের ২৬ বছরের ইতিহাসে এই নিয়ে মোটে চতুর্থবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২০০ রানের লিড নিল বাংলাদেশ। 

এর আগে যে ৩ বার কাজটা করতে পেরেছিল দলটা, তিন বারই এই কীর্তিটা গড়া হয়েছে বাংলাদেশের মাটিতে। দেশের বাইরে এবারই প্রথম। 

আরও একটা দিক থেকে বিষয়টা বাংলাদেশের জন্য নতুন। সেটা হলো এই প্রথম বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের শীর্ষ কোনো দলের বিপক্ষে এভাবে ২০০ রানের লিড নিল ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে। 

বাংলাদেশ আজ দিন শুরু করেছিল ১৫৩ রানের লিড নিয়ে। এরপর শুরুতে হাসান মাহমুদ আর তার পর তাইজুল ইসলামের উইকেট হারিয়েছে দলটা। 

তবে মেহেদী হাসান মিরাজ এক পাশ আগলে রেখে রানের চাকা ঘুরিয়েছেন ভালোভাবেই। তাতেই দলের ২০০ রানের লিড হয়ে গেছে। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারানোর আশার ফানুসটা আরও ফুলে ফেঁপে উঠেছে সঙ্গে সঙ্গে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে