মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৮:০৫

মেসির এই সিদ্ধান্তে হতবাক কোটি কোটি ফুটবলপ্রেমী, পরিকল্পনা নিয়ে নতুন অনিশ্চয়তা

মেসির এই সিদ্ধান্তে হতবাক কোটি কোটি ফুটবলপ্রেমী, পরিকল্পনা নিয়ে নতুন অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলে একটি যুগের অবসান ঘটল। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে এক আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি বলেন, ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মেসির এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। একই সঙ্গে বদলে গেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পরিকল্পনাও। আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতিতে মেসিকে ঘিরে বিশেষ আয়োজনের কথা ভাবছিল আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ।

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচটি অবশ্য সুখের হয়নি। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ১-০ গোলে হারের ম্যাচটিই হয়ে গেছে রোজারিওর এই মহাতারকার জাতীয় দলের জার্সিতে শেষ আনুষ্ঠানিক ম্যাচ।

অথচ মেসিকে মাঠ থেকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল এএফএর। আগামী আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক বিরতি।

এর আগে প্রীতি ম্যাচ খেলতে চীনে যাওয়ার পরিকল্পনা করেছিল আর্জেন্টিনা। তবে মেসির অবসরের ঘোষণার পর সেই পরিকল্পনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ধারণা করা হচ্ছিল, লিওনেল স্কালোনির দল অন্তত একটি ম্যাচ নিজেদের দেশে খেলবে। তবে বিশ্বকাপের সময় ঘটে যাওয়া কয়েকটি ঘটনার জেরে ফিফার আরোপিত নিষেধাজ্ঞার কারণে সেই পরিকল্পনাও পুরোপুরি নিশ্চিত নয়।

ফিফার নির্দেশনা অনুযায়ী, আর্জেন্টিনাকে পরবর্তী দুটি হোম ম্যাচ সীমিত দর্শক নিয়ে আয়োজন করতে হবে। প্রথম ম্যাচে স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন। দ্বিতীয় ম্যাচের শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে।

তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সব বাধা পেরিয়ে কিংবদন্তি অধিনায়ক মেসিকে দেশের মাটিতে দর্শকদের সামনে বিদায় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও পুরো বিষয়টি নির্ভর করছে মেসির ইচ্ছার ওপর।

এখনও এএফএ আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে একটি বিষয় নিশ্চিত আগামী কয়েক মাসের মধ্যেই লিওনেল মেসিকে ছাড়াই নতুন এক যুগে পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে