স্পোর্টস ডেস্ক : পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন ভারতের তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী। টি-টোয়েন্টির ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক বনে গেছেন তিনি।
আজ শনিবার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের প্রথম ম্যাচে টস করতে নেমে তিনি এই কীর্তি গড়েন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তখন তার বয়স ১৫ বছর ২৩২ দিন।
এত দিন এই রেকর্ড ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। ২০২৫ সালে সাইপ্রাসের বিপক্ষে তিনি দলকে নেতৃত্ব দেন ১৭ বছর ৩১১ দিন বয়সে। সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী।
এই তালিকায় তৃতীয় স্থানে পাকিস্তানের তাইমুর আলী। ২০০৯ সালে ঘরোয়া টি-টোয়েন্টিতে কোয়েটা বিয়ার্সের নেতৃত্ব দেন ১৭ বছর ৩৫৮ দিন বয়সে। চতুর্থ স্থানে তানজানিয়ার লক্ষ বারকানিয়া। কেনিয়ার বিপক্ষে টস করতে নামার সময় তার বয়স ছিল ১৮ বছর ৫ দিন। পঞ্চম স্থানে ফ্রান্সের নোমান আমজাদ। ২০২২ সালের জুলাইয়ে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে তার বয়স ছিল ১৮ বছর ২৪ দিন।
টস জিতে ব্যাটিং বেছে নেন সূর্যবংশী। এরপর তিনি বলেন, ‘বিহারকে নেতৃত্ব দেওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই সুযোগের জন্য আমি খুবই কৃতজ্ঞ।’
ব্যাট হাতে অবশ্য নিজের দিনটা ভালো কাটেনি। ১২ বলে ১৮ রান করে পঞ্চম ওভারে চেতন সাকারিয়ার বলে আউট হন তিনি।
গত সপ্তাহে টুর্নামেন্টের দল ঘোষণার সময় বিহারের অধিনায়ক করা হয় এই ওপেনারকে। তবে সব ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দেবেন না। ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে রাইজিং স্টারস এশিয়া কাপ। সেখানে খেলতে শিগগিরই দল ছাড়বেন তিনি।
চলতি বছরের শুরুতে দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক হয়েছিলেন সূর্যবংশী। অধিনায়ক ছিলেন ঈশান কিষান। তবে সিদ্ধান্তটি সবার কাছে ভালো ঠেকেনি।
সম্প্রতি শচীন টেন্ডুলকারও মত দিয়েছেন, এত অল্প বয়সে নেতৃত্বের দায়িত্ব দেওয়া ঠিক নয়। রেডিটে প্রশ্নোত্তর পর্বে তিনি লিখেছিলেন, ‘আমার মনে হয়, দুলীপ ট্রফিতে সহ-অধিনায়ক হওয়া তার জন্য খুব তাড়াতাড়ি। তাকে আরও লাল বলের ম্যাচ খেলতে দিতে হবে। এক ধাপ করে এগোতে হবে।’