সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ০৫:৩৭:৫১

‘জেলের অভিজ্ঞতা নিতে’ ৬ জন মিলে শিশু হোসাইনকে হত্যা

‘জেলের অভিজ্ঞতা নিতে’ ৬ জন মিলে শিশু হোসাইনকে হত্যা

এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী হোসাইন হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

জানা গেছে, বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত হোসাইন। গত ১৮ এপ্রিল সকালে নিখোঁজ হয় সে। পরে ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঘটনার দিন ফতুল্লার রেলস্টেশন সংলগ্ন ওই পরিত্যক্ত বাড়িতে ‘খুন করলে জেলে যেতে হয়’ এ বিষয়ে আলোচনা করছিল সাইফুল, তানভীর ও ইউনুস। সেই অভিজ্ঞতা অর্জনের ইচ্ছা থেকেই তারা হত্যার পরিকল্পনা করে। পরে তারা হোসাইনকে টার্গেট করে।

তিনি আরো জানান, তারা হোসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নির্ধারিত স্থানে নিয়ে যায়। সেখানে তাদের বন্ধু রাহাত, হোসাইন ও ওমর আগে থেকেই অবস্থান করছিল। পরে সবাই মিলে হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে তার মরদেহ পরিত্যক্ত ওই বাড়িতে ফেলে পালিয়ে যায়।

এদিকে, হোসাইনের মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ইয়াসিনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরো পাঁচ কিশোরকে আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে চারজন এজাহারভুক্ত। তদন্তে আরো দুজনকে শনাক্ত করা হয়েছে। পরে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ইয়াসিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন পলাতক রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে