সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৭:২৬

কুমির ঘুরছে নারায়ণগঞ্জে লোকালয়ে, আতঙ্কিত এলাকাবাসী

কুমির ঘুরছে নারায়ণগঞ্জে লোকালয়ে, আতঙ্কিত এলাকাবাসী

এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও এলাকায় লোকালয়ে একটি কুমিরের দেখা মিলেছে। গত শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা প্রথম কুমিরটি দেখতে পান। পরে খবর পেয়ে বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও বন্য প্রাণী উদ্ধারকারী দল কুমিরটি উদ্ধারে চেষ্টা চালালেও এখন পর্যন্ত সফল হয়নি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরটির উপস্থিতি নিশ্চিত করেন। এর আগে রোববারও সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকাটি পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, কুমিরটি প্রথমে একটি পুকুরে দেখা গেলেও পরে পাশের আরেকটি পুকুরে চলে যায়। বর্তমানে কচুরিপানায় পরিপূর্ণ ওই পুকুরেই কুমিরটি অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে কুমিরের বিষয়টি জানার পর ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। কুমিরটির উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়দের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়েছে।’

বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল আবেদিন বলেন, ‘বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি ধরার চেষ্টা করেন। পরে ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলও পুকুরে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করে। তবে কুমিরটি আটক করা সম্ভব হয়নি। সোমবারও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।’

বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আল মাহমুদ হাসান বলেন, ‘কুমিরটি দেখে মিঠাপানির কুমির বলে মনে হচ্ছে। এ ধরনের কুমির সাধারণত শান্ত প্রকৃতির হলেও বন্য প্রাণী কখন হিংস্র হয়ে উঠবে, তা বলা যায় না। তাই কুমিরটির কাছাকাছি না যাওয়াই নিরাপদ। পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় কুমিরটির অবস্থান শনাক্ত করতে সমস্যা হচ্ছে।’

তিনি বলেন, ‘তিনগাঁওয়ের আশপাশে কোনো নদী নেই। কাছের নদীও বেশ দূরে। ফলে কুমিরটি কীভাবে ওই এলাকায় এসেছে, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

নারায়ণগঞ্জ বন ও নার্সারি প্রশিক্ষণের প্রধান নির্বাহী সঞ্জয় হাওলাদার বলেন, ‘শীতলক্ষ্যা নদীর পানির দূষণের কারণে কুমিরটি নদী ছেড়ে লোকালয়ে চলে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে এবং কুমিরটি দেখলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়েছে।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ‘কুমির উদ্ধারে একাধিক দল কাজ করছে। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কুমির দেখতে পুকুরপাড়ে ভিড় না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। বিশেষ করে শিশু ও গবাদিপশুকে পুকুর থেকে দূরে রাখতে বলা হয়েছে। লোকজনকে পুকুরে নামতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, কুমির দেখা গেলে কাছে গিয়ে যেন ছবি তোলা বা ভিডিও করা না হয়। এবং সেটিকে তাড়াতে বা আঘাত না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে