এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাকিল (৩৭) ওরফে বুলেট সাকিল নামে এক ‘শীর্ষ সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাকিল তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, সাকিল তারাব বিশ্বরোড ও বরাব এলাকায় কিশোরগ্যাংয়ের মাধ্যমে মাদকের কারবার নিয়ন্ত্রণ করেন। সাকিল ও তার বাহিনীর সদস্যরা মা দ ক ও অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় সরবারহ করে থাকে।
এছাড়া তারাব ও বিশ্বরোড এলাকায় ছিনতাই, ডাকাতি, জমি দখলসহ নানা অপকর্ম করে বেড়ায় সাকিল ও তার বাহিনীর সদস্যরা। তাদের কারণে সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়। তুচ্ছ ঘটনাতেও সাকিল ও তার বাহিনীর সদস্য অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
নারায়ণগঞ্জ জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, তারাব পৌরসভার তারাবো এলাকায় মা দ ক কারবারের আধিপত্য নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার আসামি সাকিলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।