এমটিনিউজ২৪ ডেস্ক : নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের তারিখ ঘোষণার বার্তা দিয়ে মাইকিং করা হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড়ের পূর্ব পাশের ছোট মুল্লুক এলাকায় সম্প্রতি একটি টমটম অটোরিকশা নিয়ে এ প্রচারণা চালানো হয়। মাইকিংয়ে ঘোষণা করা হয়, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হলে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত দলীয় ঐক্য বজায় রেখে নেতাকর্মীদের প্রস্তুত থাকার অনুরোধ জানানো হয়।
প্রচারণায় ব্যবহৃত বারতায় এই কার্যক্রমের পেছনে সাবেক ছাত্র ও যুবনেতা মো. আসলাম টিপুর সমর্থক গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়েছে। বার্তায় আসলাম টিপুকে একাধিক রাজনৈতিক মামলার আসামি ও সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা হিসেবে পরিচয় দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আসলাম টিপুর সমর্থক গোষ্ঠী’ নামে একটি পেজ বা অ্যাকাউন্টে মাইকিংয়ের ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে প্রচারিত ভিডিওটির প্রকাশের সঠিক সময় ও সংশ্লিষ্টদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ। মান্দা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। তবে অভিযান চলমান থাকায় গ্রেপ্তাকৃত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাটি বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলের। পুলিশ বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে। সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের প্রস্তুতি চলছে।