সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৬:১৯

হঠাৎ মুরগি ও গরুর মাংসের কেজি কত হলো জানেন?

হঠাৎ মুরগি ও গরুর মাংসের কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র শবেবরাত উপলক্ষে বেড়েছিল গরুর মাংস ও মুরগির দাম। এখন পবিত্র রমজান সামনে রেখে এর ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও গরুর মাংস ও মুরগির দাম হঠাৎ বেড়ে ক্রেতাদের ভোগাচ্ছে। বিশেষ দিনকে কেন্দ্র করে বাজারে সিন্ডিকেট ও কারসাজির অভিযোগ তুলেছেন অনেক ক্রেতা।

এদিকে রোজার আগেই বাজারে হঠাৎ লেবুর দাম বেড়ে গেছে। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে বিভিন্ন জাতের এক হালি লেবুর দাম ৫০ থেকে ৮০ টাকা।

রাজধানীর রামপুরা, বাড্ডা, মহাখালী, জোয়ারসাহারা বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শবেবরাত উপলক্ষে মাংসের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে গরুর মাংস ও মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগেও যেখানে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকায় বিক্রি হয়েছে, সেখানে তা বেড়ে ৮০০ টাকা হয়েছে।

সোনালি মুরগির দাম বেড়ে বিভিন্ন জাতভেদে ২৮০ থেকে ৩২০ টাকা কেজিতে উঠেছে। ব্রয়লার মুরগির দাম বেড়ে প্রতি কেজি ১৮০ টাকা হয়েছে। ফার্মের মুরগির ডিম এখনো স্বস্তি দিচ্ছে। প্রতি ডজন ডিম ১১৫ থেকে ১২০ টাকা।

রাজধানীর বাড্ডার মুরগি বিক্রেতা মো. হালিম বলেন, ‘শবেবরাতের বাড়তি চাহিদার কারণে পাইকারিতেই বেশি দামে মুরগি বিক্রি হয়। এতে খুচরায় দাম বেড়ে যায়।’

গরু মাংসের বিক্রেতারা বলছেন, দাম বাড়ার পেছনে তাঁদের দোষ নেই। হাটে গরুর দাম বাড়ায় মাংসের দাম বাড়াতে হচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ শীতকালীন সবজি এখনো প্রতি কেজি ৬০ টাকার মধ্যে।

ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, শিম ও বেগুন প্রকারভেদে প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। একই সঙ্গে মুলা, টমেটো, পেঁপে, শালগম ও ব্রকোলির দামও তুলনামূলক সহনীয়। পেঁয়াজের দামও বেশ কমেছে। এবার সবচেয়ে বেশি স্বস্তি মিলেছে আলুতে। নতুন আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা।

রাজধানীর জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান বলেন, ‘শীতের সবজির সরবরাহ এখনো ভালো থাকায় দাম সহনীয়। তবে সামনে রোজা, তাই শসা, লেবু ও কাঁচা মরিচের দাম একটু বাড়তির দিকে।’

এদিকে পেঁয়াজের বাজারেও এসেছে স্বস্তি। দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা। আমদানি করা বড় রসুন প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা এবং দেশি ছোট রসুন ৮০ থেকে ১০০ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে