এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দিতে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী। তাদের উৎসবভাতা বা ঈদ বোনাসের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী রবিবার (১৫ মার্চ) থেকেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা জমা হতে শুরু করবে।
জানা গেছে, গত মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এরপর তা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে অর্থ ছাড়ের জন্য আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
বর্তমানে অর্থ ছাড়ের প্রক্রিয়া রয়েছে বাংলাদেশ ব্যাংকে। সেখান থেকে অর্থ ছাড় হলেই শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ঈদ বোনাস বা উৎসবভাতার টাকা চলে যাবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার মোট তিন লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারীর জন্য ঈদ বোনাস বাবদ ৪৫৩ কোটি ২২ লাখ ৭ হাজার ৪২৬ টাকা ছাড় করা হয়েছে।