এমটিনিউজ২৪ ডেস্ক : মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেছেন, নির্বাচনের আগে জাতির কাছে দেওয়া ওয়াদা বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্বে ইতিহাস গড়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নির্বাচনের পূর্বে ঘোষণা করেছিলেন। এক মাসের মধ্যেই আমরা তার বাস্তবায়ন দৃশ্যমান দেখছি।
সোমবার (৪ মে) বিকেলে মাদারীপুরের শিবচর পৌর অডিটরিয়ামে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত মাদারীপুর-২ আসনের সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহান্দার আলী মিয়া বলেন, পৃথিবীর মধ্যে কোনো সরকার নির্বাচনের আগে জাতির কাছে যে ওয়াদা করেছে তা কোনো দিন বাস্তবায়ন করতে পারেনি। একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এক মাসের মাথায় ৩৭ হাজার ফ্যামিলি কার্ড ঘোষণা করেছে।
তিনি বলেন, কৃষকের জন্য ১০ হাজার টাকার সুদ মওকুফ করেছেন। স্বাস্থ্য ও কৃষি কার্ড দিয়েছেন, মসজিদের ইমামদের সম্মানী ভাতা; হিন্দু ধর্মালম্বীদের পূজা ও ঠাকুরদের জন্য ভাতা দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসসহ বিভিন্ন উপকরণ দিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া উপস্থিত ছিলেন। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষীয়ান নেতা আবু জাফর চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্য সব অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।