এমটিনিউজ২৪ ডেস্ক : মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট-সংক্রান্ত কার্যক্রম বর্তমানে অধিদপ্তরে চলমান রয়েছে। এ সংক্রান্ত চিঠি এখনো শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে না পৌঁছানোয় বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহেই এ বিষয়ে সুখবর পেতে পারেন শিক্ষক-কর্মচারীরা।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) অথবা আগামী সপ্তাহে মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রয়োজনীয় চিঠি পাঠানো হলে বেতন ছাড়ের কার্যক্রম শুরু করবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
এর আগে বাজেটের সংস্থান না থাকা, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন কারণে গত মে মাসের বেতন সময়মতো পাননি মাদরাসা শিক্ষক-কর্মচারীরা। পরে জুলাই মাসে তারা একসঙ্গে মে ও জুন মাসের বেতন পান।
জুলাই মাসের বেতন যাতে সময়মতো দেওয়া যায়, সে উদ্যোগ নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘মাদরাসা শিক্ষকদের বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে কিছু টেকনিক্যাল কাজ চলছে। আশা করি, আগামী সপ্তাহে সুখবর পাবেন তারা।’
এর আগে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক গত ৭ জুলাই ছাড় করা হয়। পরে ৮ জুলাই থেকে তারা জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারেন।
এরও আগে বেসরকারি মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে জনতা ব্যাংকের অ্যাকাউন্টধারীদের মে মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়। গত ৩০ জুন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।