শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ০৪:৪৭:৪১

প্লাবিত হওয়ার আশঙ্কায় তিন জেলার নিম্নাঞ্চল

প্লাবিত হওয়ার আশঙ্কায় তিন জেলার নিম্নাঞ্চল

এমটিনিউজ২৪ ডেস্ক : উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি আগামী তিনদিন বাড়তে পারে। আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু এলাকায় তিস্তার পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি বেড়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। তবে আগামী তিন দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে।

এদিকে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

চট্টগ্রাম বিভাগের সাঙ্গু নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী দুই দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী তিনদিন পানি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী দুই দিন এ অবস্থা অব্যাহত থাকার পর পরবর্তী তিন দিন পানি বাড়তে পারে। তবে তা বিপৎসীমার নিচে থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন পানি কমতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে