শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ০৩:৪৯:৩৩

এবার যে সুখবর সরকারি চাকরিজীবীদের ভাতা নিয়ে

এবার যে সুখবর সরকারি চাকরিজীবীদের ভাতা নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের ঐতিহাসিক প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ২০ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার কড়াকড়ি নির্দেশনা রয়েছে।

ফলে চলতি অক্টোবর মাসের বেতন আগামী নভেম্বরেই নতুন কাঠামোর প্রথম ধাপ অনুযায়ী পরিশোধ করা হবে। শুধু তাই নয়, গত জুলাই মাস থেকে কার্যকর ধরে চলতি বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া ভাতাও একসঙ্গে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা।

সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও হিসাব বিষয়ক সফটওয়্যার ‘আইবাস প্লাস প্লাস’-এর ‘পে ফিক্সেশন’ মডিউলের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই বেতন নির্ধারিত হচ্ছে। প্রক্রিয়াটির অংশ হিসেবে চাকরিজীবীদের নিজ দায়িত্বে পোর্টালের নির্ধারিত ছকে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, বর্তমান পদ, গ্রেড, যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতনের সঠিক তথ্য এন্ট্রি করতে হবে।

পাশাপাশি পদোন্নতি, বদলি বা উচ্চতর গ্রেডপ্রাপ্তির যাবতীয় তথ্য এবং এর সপক্ষে থাকা দাপ্তরিক আদেশ ও প্রয়োজনীয় নথিগুলোও প্রস্তুত রাখতে বলা হয়েছে। তথ্যে কোনো ধরনের অসংগতি বা ভুল থাকলে বেতন নির্ধারণে জটিলতা তৈরি হতে পারে বিধায় এ ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

অনলাইনে তথ্য সাবমিট করার পর তা নিখুঁতভাবে যাচাই-বাছাই করবে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা (সিএএফও), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিসিএ), জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) এবং উপজেলা হিসাব কর্মকর্তাদের অনলাইনে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এই কার্যক্রম তদারকিতে কোথাও কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার সরাসরি সহায়তার সুযোগ রাখা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের বহুল প্রতীক্ষিত প্রজ্ঞাপন জারি করে সরকার। নতুন এই কাঠামোতে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি ও আগামী অর্থবছরের বিভিন্ন ধাপে এই বেতন বাস্তবায়ন করা হবে।

ঘোষণা অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপে পুরোনো ও নতুন বেতনের পার্থক্যের ৪০ শতাংশ অর্থ প্রদান করা হবে। এরপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপে ৭০ শতাংশ এবং ওই বছরের ১ জুলাই থেকে শতভাগ নতুন মূল বেতন কার্যকর হবে। তবে যাবতীয় ভাতা প্রদান শুরু হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

এদিকে টাইম স্কেল, সিলেকশন গ্রেড কিংবা উচ্চতর গ্রেড পাওয়া কর্মচারীদের নতুন কাঠামোর আওতায় আনার ক্ষেত্রে কিছু জটিলতা থাকলেও তা নিরসনের কাজ চলছে।

সরকারের এই সময়োপযোগী ও পে-ফিক্সেশনের ডিজিটাল উদ্যোগের সফল বাস্তবায়ন শেষ পর্যন্ত লাখ লাখ সরকারি চাকরিজীবীর আর্থিক সুরক্ষা ও জীবনযাত্রার মানে নতুন গতি আনবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।