স্পোর্টস ডেস্ক : হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। তবে শনিবার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে পূর্ণ পয়েন্ট ঘরে তুললেও স্বস্তিতে নেই সেলেসাওরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রাফিনিয়াকে। বার্সেলোনার এই উইঙ্গারের ইনজুরি নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে কোচ কার্লো আনচেলত্তির।
ম্যাচের ৪০ মিনিটের মাথায় হঠাৎ করেই মাঠে হাঁটু গেড়ে বসে পড়েন রাফিনিয়া, এরপর নিজেই ইশারায় মেডিকেল টিমকে ডেকে নেন। মাঠেই প্রাথমিক চিকিৎসা চলে, কিন্তু খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। শেষমেশ তাকে তুলে নিয়ে তরুণ ফরোয়ার্ড রায়ানকে নামান কোচ।
চোটের তীব্রতা সরাসরি বোঝা না গেলেও ব্রাজিলের একটি টিভি চ্যানেলের ফুটেজ এবং সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, রাফিনিয়া ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, গত মার্চে জাতীয় দলের হয়ে খেলার সময়ও একই জায়গায় চোট পেয়েছিলেন তিনি, যার জের ধরে প্রায় দেড় মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল। সেই চোটের কারণেই চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগই মিস করেছিলেন বার্সার এই ফরোয়ার্ড।
সপ্তাহান্তে আরও পরীক্ষা-নিরীক্ষার পরই চোটের প্রকৃত মাত্রা নিশ্চিত হওয়া যাবে। তবে মাত্র তিন মাস আগের পুরোনো চোট ফিরে আসায় যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন রাফিনিয়া, তাতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় তার খেলা নিয়ে জোরালো শঙ্কা দেখা দিয়েছে। সেটা হয়ে গেলে বড় বিপদেই পড়তে হতে পারে সেলেসাওদের।