স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পটুয়াখালীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন কাজী রাফি নামের এক আর্জেন্টিনা সমর্থক।
জানা গেছে, পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা কাজী রাফি একজন কট্টর আর্জেন্টিনা সমর্থক। তিনি শুক্রবার (১৯ জুন) ফেসবুক লাইভে ঘোষণা দেন, শনিবার সকালে অনুষ্ঠিতব্য ম্যাচে ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে, তাহলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন।
শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে হারিয়ে জয় তুলে নেয় ব্রাজিল। খেলা শেষ হওয়ার পর পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় যান। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন। সেখানে উপস্থিত উল্লাসিত ব্রাজিল সমর্থকদের সামনেই তার মাথা ন্যাড়া করা হয়।
এ সময় পুরো ঘটনাটি ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই বিষয়টি উপভোগ করেন। মুহূর্তের মধ্যেই মাথা ন্যাড়া করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
মাথা ন্যাড়া করার পর আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি বলেন, ‘আমি কথা দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।’
স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় ব্যাপক আনন্দ ও কৌতূহলের জন্ম দিয়েছে। প্রিয় দলের প্রতি সমর্থন এবং সমর্থকদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবেই ঘটনাটিকে দেখছেন তারা।