স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড ও ঘানা। খাতায়-কলমে এগিয়ে থাকা ইংলিশরা এ ম্যাচে হারাতে পারেনি আফ্রিকান দলটিকে। ম্যাচটি শেষ হয় গোলশূন্য ব্যবধানেই। ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি ইংলিশ তারকা হ্যারি কেনও। এরপর থেকেই আলোচনায় কালো জাদু বা আফ্রিকান ঐতিহ্যবাহী ‘জুজু’ চর্চা!
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও রিলসে দেখা যায়, গ্যালারিতে ঘানার সমর্থকরা ম্যাচ চলাকালে সাদা পাউডার ছিটিয়ে নিজেদের দলকে জেতাতে প্রার্থনা করছেন। মাঠের খেলার সঙ্গে এই আচারের এক অবিশ্বাস্য কাকতালীয় মিল ফুটবল বিশ্বে তুমুল হাস্যরস ও বিস্ময়ের জন্ম দিয়েছে।
ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’-এর কাছে এক অদ্ভুত দাবি করেছিলেন ঘানার তান্ত্রিক ওঝা নানা কিয়াঙ্কু বোন্সাম। তিনি বলেছিলেন, ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে কেন এই ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না।
ম্যাচ শুরু হওয়ার পর দেখা যায় থ্রি-লায়ন্সদের একের পর এক আক্রমণ ঘানার জমাট রক্ষণে এসে খেই হারিয়ে ফেলছে। আক্রমণের পর আক্রমণ করেও গোলমুখ খুলতে পারছিল না ইংলিশরা। ম্যাচের শেষভাগে নিকো ও’রেইলির একটি নিশ্চিত গোল করার শট সাইডবারে লেগে প্রতিহত হয়।
সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে ম্যাচের একদম শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে। হ্যারি কেন গোলপোস্টের একদম সামনে অত্যন্ত সহজ ও ফাঁকা এক সুযোগ পেয়ে বসেন, যেখান থেকে গোল করা তার মতো স্ট্রাইকারের জন্য জলভাত। কিন্তু সবাইকে চমকে দিয়ে কেনের শটটি গোলপোস্টের অনেক উপর দিয়ে সীমানার বাইরে চলে যায়।
ম্যাচটি ০-০ গোলে ড্র হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমের বন্যা বয়ে যায়। সমর্থকরা রসিকতা করে বলতে থাকেন, ‘ঘানার ওঝার কালো জাদু তাহলে সত্যিই কাজ করেছে!’
ম্যাচ শেষে হাসিমুখে এই অতিপ্রাকৃতিক আবহকে মেনে নিয়েছেন ইংলিশ ফুটবলাররাও। মিডফিল্ডার ডেক্লান রাইস রসিকতার সুরে বলেন, ‘আমরা শট, হেডার, সেট-পিস সব চেষ্টা করেছি কিন্তু কোনোটিই জালে জড়ায়নি। কে জানে, হয়তো ঘানার কালো জাদুই আজ মাঠে কাজ করছিল!’