বুধবার, ২৪ জুন, ২০২৬, ০৩:৪১:০৫

রোনালদোর দখলে মেসির সেই রেকর্ড

রোনালদোর দখলে মেসির সেই রেকর্ড

স্পোর্টস ডেস্ক : সমালোচনার মোক্ষম জবাব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পর্তুগালের ড্রয়ের পর রোনালদোর পিণ্ডি চটকাতে শুরু করেছিল সমর্থকরা। অনেকেই তো ৪১ বছর বয়সী রোনালদোকেই পর্তুগালের শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাধা বলে আখ্যা দিচ্ছিলেন। উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে নিজের সামর্থের জানান দেয়ার পাশাপাশি সমালোচকদের মুখে কুলুপও আঁটলেন তিনি।

টুর্নামেন্টে ধীরগতির শুরুর পর মঙ্গলবার (২৩ জুন) দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে পর্তুগাল। দারুণ ২টি গোল করে লিওনেল মেসির দুর্দান্ত ফর্মের জবাব দিয়েছেন রোনালদো। এই গোলে শুধু দলকে বড় জয়ই এনে দেননি, রোনালদো গড়েছেন বিশ্বকাপের নতুন রেকর্ড। সেই রেকর্ড গড়ার পথে আবার পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকেই।

উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করে রোনালদো ফিফা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে দুই গোল করা ফুটবলার হয়েছেন। এর মাত্র একদিন আগেই অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েছিলেন মেসি।

একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপে নিজের প্রথম গোল করে এই পর্তুগিজ আরেকটি বিশেষ বিশ্বকাপ রেকর্ড গড়েছেন, যা চাইলেও তার আর্জেন্টাইন প্রতিপক্ষের পক্ষে ভাঙা সম্ভব নয়। একমাত্র ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখালেন রোনালদো।

একই দিনে রোনালদো বনে গেছেন বিশ্বকাপে গোল করা দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ফুটবলার। তার চেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি আছে শুধু রজার মিলার। ক্যামেরুনের এই কিংবদন্তি ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন।

এই জোড়া গোলে রোনালদো পেছনে ফেলেছেন ইউসেবিওকে। এতদিন ৯ গোল নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা পর্তুগিজ খেলোয়াড় ছিলেন বেনফিকার এই কিংবদন্তি। ১০ গোল নিয়ে তাকে পেছনে ফেললেন রোনালদো। ইউসেবিও অবশ্য সবগুলো গোল করেছিলেন ১৯৬৬ সালের আসরেই।

নিজের গোলের সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রোনালদোর সামনে। আগামী রোববার (২৮ জুন) গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে