স্পোর্টস ডেস্ক : ডারউইন টেস্টে সফরকারী বাংলাদেশের কাছে পিষে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও আধিপত্য ধরে রেখে পর্বতসম লিড তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এরই মধ্যে ম্যাচের তৃতীয় দিনে অজি পেসার মিচেল স্টার্ক করে বসেছেন এক বিরল ‘নো বল’।
টাইগারদের লোয়ার অর্ডারকে খাটো লেন্থের বলে পরাস্ত করতে কড়া পরিকল্পনা এঁকেছিলেন কামিন্স। সেই ফাঁদ সাজাতে ১২৬তম ওভারে বাউন্ডারি লাইনে ডিপ ফাইন লেগ, স্কয়ার ফাইন লেগ ও ডিপ স্কয়ার লেগে ফিল্ডার মোতায়েন করা হয়। কিন্তু সেই বডিলাইন ফিল্ডিং সেট-আপ মেলাতে গিয়েই বিপত্তি বাঁধে অস্ট্রেলিয়া শিবিরে।
স্টার্কের ওই ওভারের একটি বলের সময় স্কয়ার লেগের সামান্য পেছনে গিয়ে দাঁড়ান মারনাস লাবুশেন। ক্রিকেটের বডিলাইন বোলিং সংক্রান্ত আইন অনুযায়ী—লেগ সাইডে স্কয়ারের পেছনে দুইয়ের অধিক ফিল্ডার রাখা নিষেধ। ফলে অন-ফিল্ড আম্পায়ার সঙ্গে সঙ্গেই বলটিকে ‘নো বল’ ডাকেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘ক্রিকেট ডটকম ডটএইউ’-এর ম্যাচ বিশ্লেষণেও তুলে ধরা হয়েছে অজিদের এই ভুল ও হতাশাজনক চিত্র।
আইন লঙ্ঘনের কারণে একই ডেলিভারি স্টার্ককে আবার করতে হয়, যা আগুনে কাটা গায়ে নুনের ছেটানোর মতোই লেগেছে স্বাগতিকদের। কারণ ঠিক ওই ওভারের শেষদিকেই মারমুখী ব্যাটিংয়ে ১১৭ বলে নিজের ধৈর্যশীল ফিফটি পূরণ করে নেন মিরাজ।