এমটিনিউজ২৪ ডেস্ক : মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রেমে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২৬ আগস্ট) রাতে পৌর এলাকার হৃদয় নন্দী গ্রামের (গুচ্ছ গ্রাম) সাবেক কাউন্সিলর আজিজুল রহমান হাওলাদার রাহিমের লোকজনের সাথে পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাশির লোকজনের মধ্যে এক জোড়া প্রেমিক-প্রেমিকার প্রেমের আলাপে বাধা দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ইয়ার আলী ও আক্কাসসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে উন্নত চিকিৎসার দুইজনকে পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে খবর পেয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে স্বাভাবিক আছে।’