শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২:৫৯

বিএনপির সাবেক সভাপতির এনসিপিতে যোগদান

বিএনপির সাবেক সভাপতির এনসিপিতে যোগদান

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান। দল পরিবর্তন করে তার এনসিপিতে যোগ দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোমানের সদস্য সচিব হওয়ার তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াজ্জেম হোসেন রোমান দীর্ঘদিন শিবচর উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০১৬ সালে বিএনপির তৎকালীন উপজেলা সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরীর মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দলের কঠিন সময়ে তিনি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন বলেও স্থানীয় নেতাকর্মীরা জানান। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর দলে সেভাবে মূল্যায়ন পাননি।

এ বিষয়ে ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, ‘আপনারা জানেন, আমি দীর্ঘদিন শিবচর উপজেলা বিএনপির দুর্দিনে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন মামলা-হামলার মধ্য দিয়ে আমাকে কঠিন সময় মোকাবিলা করতে হয়েছে। দলের সুদিনে সাংগঠনিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আমার কিছু মান-অভিমান তৈরি হয়েছে। এসব কারণেই শেষ পর্যন্ত দল পরিবর্তন করতে বাধ্য হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, রাজনীতির মূল উদ্দেশ্য যদি জনসেবা হয়, তাহলে যে কোনো রাজনৈতিক দলের মাধ্যমেই মানুষের সেবা করা সম্ভব। আমি এখন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে মানুষের জন্য কাজ করতে চাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে