স্পোর্টস ডেস্ক: উদীয়মান ক্রিকেট প্রতিভাদের উৎসাহিত করতে এক হৃদয়স্পর্শী উদ্যোগ গ্রহণ করেছে ফুটস্টেপস। এই উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন ক্রিকেট একাডেমি থেকে ছয়জন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারকে এক বিশেষ অভিজ্ঞতার জন্য একত্রিত করা হয়। যেখানে তারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দেখা করার সুযোগ পান। আয়োজনটি অনুষ্ঠিত হয় স্কলাস্টিকা ক্লাবে।
তরুণ ক্রিকেটারদের প্রথমে এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানানো হয়নি। পরে সন্ধ্যার এক পর্যায়ে তারা সরাসরি তামিম ইকবালের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আনন্দ ও বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। তাদের জন্য এটি হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা।
উদ্যোগের অংশ হিসেবে তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ ও উন্নয়নে সহায়তা করতে তাদেরকে পেশাদার মানের ক্রিকেট সামগ্রীও প্রদান করা হয়।
আলোচনা পর্বে তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্নের কথা জানান এবং পেশাদার ক্রিকেটে এগিয়ে যাওয়ার পথে যেসব চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয়, সেগুলোর কথাও তুলে ধরেন। তামিম ইকবাল তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং খেলোয়াড় হিসেবে নিজেদের যাত্রায় নিবেদন, শৃঙ্খলা ও অধ্যবসায় বজায় রাখার জন্য উৎসাহ দেন।
এই উদ্যোগের মাধ্যমে ফুটস্টেপস আবারও প্রমাণ করেছে যে, তারা বাংলাদেশের তরুণ প্রতিভাদের ক্ষমতায়ন এবং তাদের জন্য অর্থবহ সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অন্যতম সম্মানিত ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে তরুণ ক্রিকেটারদের সংযোগ ঘটিয়ে প্রতিষ্ঠানটি তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাতে চায়।